Views Bangladesh Logo

এটা প্রশ্ন নাকি পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: হাসনাতের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে তার বক্তব্যকে প্রশ্নের বদলে ‘পল্টনের বক্তৃতা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এ ঘটনা ঘটে।

হাসনাত আবদুল্লাহ তার প্রশ্নে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা, সিনেমা ও নৌকাবাইচ বন্ধের প্রসঙ্গ তুলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, দায়িত্ব নেওয়ার ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সফল হয়েছেন কি না।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা দৃশ্যমান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর অপরাধীদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট ঘটনা নিয়ে প্রশ্ন থাকলে তা সংসদে উত্থাপন করা হলে তিনি সংবিধানের ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য দিতে পারবেন। তার ভাষায়, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে’—এ ধরনের বক্তব্য সংসদে তথ্য-উপাত্তের ভিত্তিতে হওয়া উচিত।

হাসনাত আবদুল্লাহর দেওয়া বিভিন্ন অপরাধের পরিসংখ্যানের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব তথ্য কোন ভিত্তিতে দেওয়া হয়েছে, তা তিনি জানেন না। হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধের পরিসংখ্যান নিয়ে নির্দিষ্ট তথ্য থাকলে তা উপস্থাপনের আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রামিসার ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক রংপুরের চারটি হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে। তাই কোথায় ব্যর্থতা রয়েছে, তা নির্দিষ্ট করে বলতে হবে।

তিনি বলেন, অপরাধীদের বিচার করা বিচার বিভাগের দায়িত্ব। তবে দ্রুত বিচার সম্পন্ন করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ