বিরোধী দলের লংমার্চ বা রোডমার্চে কি তেল খরচ হচ্ছে না, প্রশ্ন এ্যানির
বিরোধী দলের লংমার্চ ও রোডমার্চ নিয়ে প্রশ্ন তুলেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এসব কর্মসূচিতে কি তেল খরচ হচ্ছে না, রাস্তায় সাধারণ মানুষের ক্ষতি বা যানজট হচ্ছে না এবং অসুস্থ রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে না?
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এ্যানি বলেন, বিরোধী দল যে লংমার্চ বা রোডমার্চ করছে, সেখানে কি তেল খরচ হচ্ছে না? রাস্তাঘাটে কি মানুষের ক্ষতি হচ্ছে না? মানুষের চলাফেরায় যানজট সৃষ্টি হচ্ছে না? অসুস্থ রোগীদের কষ্ট পোহাতে হচ্ছে না? তাহলে বিরোধী দল কি কোনো ভালো কাজ করল?
তিনি বলেন, সংসদে বিরোধী দল সরকারকে সহযোগিতা করার কথা বললেও বাইরে তাদের কর্মসূচির সঙ্গে সেই বক্তব্যের মিল নেই। সরকারকে সহযোগিতা করার নমুনা যদি এ ধরনের হয়, এটা কি সহযোগিতা হলো?
বিরোধী দলের আন্দোলনের প্রসঙ্গ টেনে পানিসম্পদমন্ত্রী আরও বলেন, প্রথম দিন থেকেই বিরোধী দল সরকারকে বিভিন্নভাবে অসহযোগিতা করে আসছে। এই অসহযোগিতার সুযোগেই কেউ কেউ আগামী ডিসেম্বরে সক্রিয় হতে চাইছে। লংমার্চ না হলে এমন সুযোগ তৈরি হতো না।
এ্যানি আরও বলেন, ৫ আগস্টের জন্য ১৭ বছর আমাদের লড়াই-সংগ্রাম করতে হয়েছে। হঠাৎ করে ৫ আগস্ট আসেনি। ছাত্র-যুবক ও তরুণ-তরুণীদের আন্দোলনের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের পর আমরা দেশের দায়িত্ব পেয়েছি।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত দিন