Views Bangladesh Logo

বরিশালে ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

বরিশালের আগৈলঝাড়ায় একটি ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামে নির্মাণাধীন একটি ব্রিজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত এই ব্রিজটির দৈর্ঘ্য ৪৫ ফুট ও প্রস্থ সাড়ে ৫ ফুট ধরা হলেও বাস্তবে আরও বেশি দৈর্ঘ্যের অংশে যথাযথ ঢালাই করা হয়নি বলে দাবি তাদের।

নির্মাণ নীতিমালা অনুযায়ী যেখানে ৫ ইঞ্চি পুরু ঢালাই দেওয়ার কথা, সেখানে দেওয়া হয়েছে প্রায় সাড়ে ৩ ইঞ্চি। এছাড়া নির্ধারিত দূরত্বে রড বসানোর নিয়ম না মেনে অনেক বেশি ফাঁক রেখে রড ব্যবহার করা হয়েছে।

সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, ঢালাইয়ের সময় প্রয়োজনীয় রডের ঘাটতি পূরণে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, অনিয়ম দেখে তারা বাধা দিলেও কাজ বন্ধ হয়নি। বরং পরে সিমেন্টের ঘাটতি দেখা দিলে তাদের কাছ থেকেই সিমেন্ট সংগ্রহ করে কাজ শেষ করা হয়।

এছাড়া ব্রিজ নির্মাণের নামে স্থানীয়দের কাছ থেকে প্রায় ৮৫ হাজার টাকা আদায়ের অভিযোগও উঠেছে সংশ্লিষ্ট ইউপি সদস্যের বিরুদ্ধে।

তবে অভিযুক্ত ইউপি সদস্য সোহেল মোল্লা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নির্ধারিত অংশের বাইরে কিছু জায়গায় বাঁশ ব্যবহার করা হয়ে থাকতে পারে, তবে সেটি স্থানীয়দের উদ্যোগে হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, এলজিইডি বা প্রকৌশল বিভাগের অনুমোদন ছাড়া এ ধরনের কাজ করা নিয়মবহির্ভূত। উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, বিষয়টি তাদের জানানো হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে এসেছে এবং দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের আশঙ্কা, নিম্নমানের নির্মাণের কারণে ব্রিজটি যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ