Views Bangladesh Logo

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে মার্কিন পর্যবেক্ষক দল

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার হোটেল শেরাটনে আওয়ামী লীগের সঙ্গে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক চলছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় এ বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বেই শুরু হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও দলটির প্রতিনিধিদলে আছেন প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব) ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে গত শনিবার ঢাকা সফরে আসেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। ৭ সদস্যদের এই প্রতিনিধিদল এবং তাদের সহায়তাকারীরা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

প্রতিনিধিদলে কো-চেয়ার হিসেবে আছেন স্টেট ফর সাউথ এশিয়ান অ্যাফেয়ার্সের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কার্ল এফ ইনডারফুর্থ এবং ইউএসএআইডি অ্যাডমিনিস্ট্রেটরের সাবেক ডেপুটি বনি গ্লিক। এ ছাড়াও দলের বাকী সদস্যরা হলেন মালয়েশিয়ার সাবেক হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাবেক সহযোগী কাউন্সেল জামিল জাফর, এশিয়া-প্যাসিফিকের এনডিআই রিজিওনাল ডিরেক্টর মনপ্রীত সিং আনন্দ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আইআরআইয়ের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও।যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে বলে জানা গেছে।

এনডিআই এবং আইআরআই হলো নির্দলীয়, বেসরকারি একটি সংস্থা। যা বিশ্বব্যাপী গণতন্ত্রের অনুশীলনকে সমর্থন ও শক্তিশালী করতে কাজ করে।

সংস্থা দুটি সম্মিলিতভাবে গত ৩০ বছরে ৫০টিরও বেশি দেশে ২০০টিরও বেশি নির্বাচন পর্যবেক্ষণ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ