Views Bangladesh Logo

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার বিশেষজ্ঞ আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।

মানবাধিকার ও আন্তর্জাতিক আইনে কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে আইরিন খানের। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তিনি মানবাধিকার, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করেছেন।

২০২০ সাল থেকে তিনি মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার প্রচার ও সুরক্ষাবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন আইরিন খান। তিনি ছিলেন সংগঠনটির নেতৃত্ব দেওয়া প্রথম নারী। পরে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক উন্নয়ন আইন সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক উন্নয়ন আইন সংস্থায় যোগ দেওয়ার আগে আইরিন খান ২১ বছর জাতিসংঘের শরণার্থী সংস্থায় কাজ করেন। সেখানে তিনি ভারতের মিশনপ্রধান এবং আন্তর্জাতিক সুরক্ষা বিভাগের উপপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

মানবাধিকার ও শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে তিনি সিডনি শান্তি পুরস্কার পান। তিনি ‘দ্য আনহার্ড ট্রুথ: পোভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস’ বইটির লেখক।

আইরিন খান ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড ল স্কুলে আইন বিষয়ে পড়াশোনা করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ