Views Bangladesh Logo

৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আজ সকালে মেক্সিকোর গুয়াদালুপ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই আবেগ যেন বাঁধ ভাঙে। ৪০ বছর পর বিশ্বকাপে ফেরার আনন্দে মাতে ইরাক। অন্যদিকে শেষ ধাপটা পেরোতে না পারায় কান্নায় ভাসেন বলিভিয়ান খেলোয়াড়রা। গোলপোস্টের নিচে বসে বলিভিয়ান গোলরক্ষক গিলের্মো ভিসকারার কান্না যে কারও হৃদয় ছুঁয়ে যাবে।

কিন্তু ফুটবল তো এমনই। বিশ্বকাপের প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে ইরাক। ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে এশিয়ান দেশটি।

শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। বল দখলে এগিয়ে থাকলেও কার্যকারিতায় ইরাক ছিল অনন্য। ম্যাচের ৯ মিনিটে বক্সের বাইরে থেকে আল-আমারির ফ্রি-কিক অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক ভিসকারা। তবে পরের মিনিটেই এগিয়ে যায় ইরাক। আল-আমারির কর্নারে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে দেন আল-হামাদি।

পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে বলিভিয়া। একাধিকবার কাছাকাছি গিয়েও ব্যর্থ হওয়ার পর ৩৮তম মিনিটে সমতা ফেরান মইসেস পানিয়াগুয়া। সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর দুই দলই নিয়ন্ত্রণ নিতে পাল্টাপাল্টি আক্রমণে যায়। তবে গোলের হাসি হাসে ইরাকই। বদলি হিসেবে মাঠে নামা মার্কো ফারজির পাসে বক্সের ভেতর দুর্দান্ত ফিনিশিংয়ে জয়সূচক গোল করেন আইমেন হুসেইন। শেষ কয়েক মিনিটে বলিভিয়া একের পর এক আক্রমণে গেলেও কাঙ্ক্ষিত গোল আর ধরা দেয়নি। ২-১ গোলের জয়ে ৪৮তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে ইরাক।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ