Views Bangladesh Logo

টেলিগ্রামে ম্যালওয়্যার ছড়িয়ে তথ্য চুরি করছে ইরানি হ্যাকাররা: এফবিআই

 VB  Desk

ভিবি ডেস্ক

টেলিগ্রামের মাধ্যমে বিশ্বজুড়ে ভিন্নমতাবলম্বী, বিরোধী গোষ্ঠী ও সাংবাদিকদের তথ্য চুরি করছে ইরানি হ্যাকাররা। এ বিষয়ে সতর্কবার্তা জারি করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই।

শুক্রবার প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, পরিচিত কারো ছদ্মবেশে বা টেকনিক্যাল সাপোর্টের নামে হ্যাকাররা প্রথমে লক্ষ্যবস্তু ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে। এরপর কৌশলে একটি ক্ষতিকর লিংকে ক্লিক করতে প্ররোচিত করে, যা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের আদলে তৈরি ম্যালওয়্যার ফাইল। একবার সেটি ইনস্টল হলে আক্রান্ত ডিভাইসটি একটি নির্দিষ্ট টেলিগ্রাম বটের সঙ্গে যুক্ত হয়ে যায়, যার মাধ্যমে হ্যাকাররা দূর থেকেই পুরো কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারে।


এফবিআই জানিয়েছে, এভাবে হ্যাকাররা ভুক্তভোগীর ডিভাইস থেকে ফাইল চুরি, স্ক্রিনশট গ্রহণ এবং জুম কল রেকর্ড করতে সক্ষম হচ্ছে। টেলিগ্রামের বৈধ নেটওয়ার্ক ট্রাফিকের আড়ালে এই কার্যক্রম পরিচালিত হওয়ায় অ্যান্টিম্যালওয়্যার সফটওয়্যারের পক্ষে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

সংস্থাটির দাবি, এই হামলার পেছনে থাকা হ্যাকাররা ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করছে। সতর্কবার্তায় ‘হানডালা’ নামে একটি ইরান ও ফিলিস্তিনপন্থী ভুয়া হ্যাকটিভিস্ট গ্রুপের উল্লেখ করা হয়েছে। এ মাসের শুরুতে মার্কিন মেডিকেল টেক জায়ান্ট স্ট্রাইকারের ওপর সাইবার হামলার দায় স্বীকার করেছিল দলটি, যার ফলে কোম্পানির হাজার হাজার কর্মীর ডিভাইসের তথ্য মুছে যায়।

গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে, হানডালা মূলত ইরান সরকারের একটি ছদ্মবেশী সংগঠন এবং স্ট্রাইকার হ্যাকিংয়ে তাদের সরাসরি ভূমিকা রয়েছে। একই সময়ে এফবিআই হানডালা এবং আরেকটি ইরানি হ্যাকটিভিস্ট দল ‘হোমল্যান্ড জাস্টিস’-এর সঙ্গে জড়িত মোট চারটি ওয়েবসাইট জব্দ ও বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে টেলিগ্রামের মুখপাত্র জানিয়েছেন, প্ল্যাটফর্মের মডারেটররা ম্যালওয়্যারসংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো নিয়মিতভাবে সরিয়ে ফেলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ