১০ শর্তে বিশ্বকাপ খেলতে রাজি ইরান
আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটেছে। ইরান ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, তাদের জাতীয় দল ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার কাছে ১০টি বিশেষ শর্ত দিয়েছে তারা।
গত মাসে ফিফার কংগ্রেসে যোগ দিতে যাওয়ার সময় ইরান ফুটবল ফেডারেশনের প্রধানকে কানাডায় প্রবেশে বাধা দেওয়া হয়। মূলত এই ঘটনার প্রতিবাদেই ইরান এই শর্তগুলোার দাবি তুলেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তজনা ও পাল্টাপাল্টি হামলার জেরে ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ‘আমরা নিশ্চিতভাবেই ২০২৬ বিশ্বকাপে অংশ নেব। তবে আয়োজক দেশগুলোকেও আমাদের উদ্বেগের বিষয়গুলো বিবেচনা করতে হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বকাপে খেলব, কিন্তু আমাদের বিশ্বাস, সংস্কৃতি এবং সংকল্প থেকে একচুলও বিচ্যুত না হয়ে।’
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, তারা অংশগ্রহণের জন্য ১০টি শর্ত দিয়েছেন। এর মূল লক্ষ্য হলো ইরানের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করা।
শর্তাবলির মধ্যে রয়েছে—সব খেলোয়াড় ও কর্মকর্তার জন্য সহজে ভিসা প্রদান, জাতীয় দলের পতাকা ও জাতীয় সংগীতের মর্যাদা রক্ষা এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতের পথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানি ফুটবলারদেরকে টুর্নামেন্টে স্বাগত জানানো হবে। তবে একটি স্পষ্ট সতর্কতা দিয়ে তিনি বলেন, আইআরজিসি (ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস)’র সাথে সংশ্লিষ্ট কোনো প্রতিনিধি দলকে কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
উল্লেখ্য, আইআরজিসিকে যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
অন্যদিকে ইরানি ফুটবল প্রধানের দাবি, দলের সব খেলোয়াড় এবং কারিগরি কর্মকর্তাদের ভিসা দিতে হবে। বিশেষ করে যারা আইআরজিসিতে বাধ্যতামূলক সামরিক পরিষেবা সম্পন্ন করেছেন (যেমন: মেহেদি তারেমি এবং এহসান হাজসাফি), তাদের ভিসা প্রাপ্তিতে যেন কোনো জটিলতা সৃষ্টি না হয়।
এবারের বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের মুখোমুখি হবে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে