Views Bangladesh Logo

অবশেষে যুক্তরাষ্ট্রে ইরানের খেলোয়াড়দের ভিসা অনুমোদন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে ইরান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা ভিসা অনুমোদন পেয়েছেন। দীর্ঘ অনিশ্চয়তা ও কূটনৈতিক জটিলতার পর এই সিদ্ধান্তে দলটির টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া শঙ্কা অনেকটাই কেটে গেছে।

তবে ভিসা পেলেও ইরান দলের সব কর্মকর্তা এখনো অনুমোদন পাননি বলে জানা গেছে। এতে পুরো প্রতিনিধি দলের সফর ও ব্যবস্থাপনা নিয়ে কিছু অনিশ্চয়তা রয়ে গেছে। চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব তৈরি হয়েছে। ভিসা ইস্যুতে শুরুতে উদ্বেগ থাকলেও শেষ মুহূর্তে পরিস্থিতি পরিবর্তন হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইরান তাদের পূর্বনির্ধারিত প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় স্থানান্তর করেছে। সেখান থেকেই দলটি প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত ম্যাচে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে।

ইরান এবার ‘জি’ গ্রুপে খেলবে। তাদের প্রথম ম্যাচ ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে ইরান।

ভিসা প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, নিরাপত্তাজনিত যাচাই-বাছাইয়ের আওতায় ইরানের প্রতিনিধি দলে কারও সামরিক সংযোগ থাকলে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

অন্যদিকে ইরানের ফুটবল কর্তৃপক্ষ বলছে, রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও বিশ্বকাপে অংশগ্রহণ দেশটির ক্রীড়াঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখাই তাদের লক্ষ্য।

বিশ্বকাপের মঞ্চে ইরানের অংশগ্রহণ তাই শুধু ক্রীড়া নয়, বরং বর্তমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ