Views Bangladesh Logo

ট্রাম্পের জয় যুক্তরাষ্ট্রের অতীতের ভুল পুনর্বিবেচনার সুযোগ: ইরান

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে অতীতের ‘ভুল নীতি পুনর্বিবেচনার’ সুযোগ হিসেবে অভিহিত করেছে ইরান।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাধারণ নীতি নির্ধারিত। কে প্রেসিডেন্ট হলেন, তাতে কিছু যায় আসে না। মানুষের জীবনযাত্রার যেন কোনো পরিবর্তন না হয়, সেজন্য ইতোমধ্যে পরিকল্পনা করা হয়েছে’।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, ‘অতীতে বিভিন্ন মার্কিন সরকারের নীতি ও দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে’।

মঙ্গলবারের (৫ নভেম্বর) নির্বাচনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরতে যাওয়া ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশল নিয়েছিলেন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে পশ্চিমা সমর্থিত শাহকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরবিরোধী হয়ে উঠলেও ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তেজনা চরমে ওঠে।

বুধবার (৬ নভেম্বর) ট্রাম্পকে বিজয়ী ঘোষণার আগে ইরান মার্কিন নির্বাচনকে ‘অপ্রাসঙ্গিক’ বলে উড়িয়ে দিয়েছিল।

তার প্রথম মেয়াদে ট্রাম্প একতরফাভাবে ২০১৫ সালের ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।

২০২০ সালে ট্রাম্পের শাসনামলে বাগদাদ বিমানবন্দরে বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ