Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা ইরানের, জাহাজ চলাচলে সহযোগিতার আশ্বাস

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সরকারের ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক অবস্থানের ভূয়সী প্রশংসা করেছে ইরান। একইসঙ্গে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজগুলোর নিরাপদ চলাচল সহজতর করতে ঢাকার ইরান দূতাবাস তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ইরান দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে দীর্ঘস্থায়ী ও ভ্রাতৃত্বপূর্ণ। তেহরান অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আন্তালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. খাতিবজাদেহ এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যকার বৈঠককে স্বাগত জানিয়েছে দূতাবাস।

ইরান দূতাবাস আরও জানায়, সংলাপ ও কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের ভূমিকা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপরিহার্য। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের পর বাংলাদেশ সরকারের প্রেরিত শোকবার্তার জন্য তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। বিশেষ করে, বাংলাদেশের জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে এ সংক্রান্ত শোক প্রস্তাব গ্রহণকে একটি ‘উল্লেখযোগ্য ও ব্যতিক্রমী’ উদ্যোগ হিসেবে অভিহিত করে প্রশংসা করেছে ইরান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের শুরু করা যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে তাদের বেআইনি আগ্রাসনের ফলে নিহত বাংলাদেশি নাগরিকদের জন্য ইরান গভীর শোক প্রকাশ করছে। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। দূতাবাস জানায়, আজারবাইজানের মাধ্যমে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিকের নিরাপদ প্রত্যাবর্তনে তারা কার্যকর সহযোগিতা প্রদান করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে গণমাধ্যমে প্রচার হওয়া সাক্ষাৎকারের কিছু নির্বাচিত অংশ নিয়ে দূতাবাস অসন্তোষ প্রকাশ করছে। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ওই সাক্ষাৎকারের অংশবিশেষ পুনঃপ্রকাশের ফলে বিভ্রান্তি তৈরি হতে পারে।

পরিশেষে, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পণ্যবাহী জাহাজগুলোর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সব ধরনের কূটনৈতিক ও কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইরান দূতাবাস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ