ইরানি খেলোয়াড়রা বিশ্বকাপে স্বাগত: মার্কো রুবিও
ইরানের জাতীয় ফুটবল দলকে এ বছরের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই মন্তব্যের মাধ্যমে ইতালি ইরানের বিকল্প হিসেবে বিশ্বকাপে অংশ নিতে পারে—এমন জল্পনা থেকে নিজেদের দূরত্ব বজায় রাখল ওয়াশিংটন।
হোয়াইট হাউসে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রুবিও বলেন, 'ইরানের ফুটবলাররা এ বছরের বিশ্বকাপে স্বাগত।'
রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে বলেনি। এই বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে। ইরানকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কেউ তাদের বলেনি যে তারা আসতে পারবে না।"
তবে তিনি ইঙ্গিত দেন যে, ইরানি প্রতিনিধিদলের কিছু সদস্যের ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হতে পারে। রুবিও বলেন, 'সমস্যাটি খেলোয়াড়দের নিয়ে নয়।' তিনি উল্লেখ করেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, যাদের যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে, তাদের প্রবেশে বাধা দেওয়া হতে পারে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি ডোনাল্ড ট্রাম্প ও ফিফার কাছে ইরান না এলে ইতালি তাদের জায়গা নিতে পারে—এমন প্রস্তাব দিয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর রুবিওর এই মন্তব্য এলো। ইতালীয় কর্তৃপক্ষ ও ক্রীড়া কর্মকর্তারা দ্রুত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
রুবিও এই প্রস্তাবকে নিছক জল্পনা বলে উড়িয়ে দিয়ে বলেন, ইরান অনুপস্থিত থাকলে সেটা হবে তাদের নিজস্ব সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রের চাপের জন্য নয়।
ফেব্রুয়ারির শেষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছিল, তারা ফিফার সঙ্গে আলোচনা করছে যাতে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
তবে এই উদ্বেগ সত্ত্বেও, ফিফা সভাপতি জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং ড্র অনুযায়ী খেলবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে