Views Bangladesh Logo

অভিজ্ঞ স্ট্রাইকারকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইরানের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা হয়নি ইরানের অভিজ্ঞ স্ট্রাইকার সর্দার আজমুনের। শনিবার ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইরান ফুটবল ফেডারেশন। আগামী ১ জুনের মধ্যে এই দল থেকে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড নির্ধারণ করা হবে।

আজমুনের বাদ পড়া নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজসহ একাধিক গণমাধ্যমের দাবি, সরকারের প্রতি অবিশ্বস্ত আচরণের অভিযোগে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। মার্চে নিজের ইনস্টাগ্রামে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করার পর বিতর্কে জড়িয়ে পড়েন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার। পরে ছবি মুছে ফেললেও রাষ্ট্রীয় টেলিভিশনে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলিতে খেলছেন তিনি।

ইরানের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করা আজমুন দেশের ইতিহাসের অন্যতম সফল স্ট্রাইকার। সর্বশেষ দুই বিশ্বকাপেও খেলেছিলেন তিনি। তার অনুপস্থিতিতে আক্রমণভাগের মূল ভরসা হবেন মেহদি তারেমি, যিনি বর্তমানে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে খেলছেন।

প্রধান কোচ আমির ঘালেনোই ফেডারেশনের ওয়েবসাইটে বলেন, ৩০ জন খেলোয়াড় বাছাই করা তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল এবং শুধু কারিগরি মানদণ্ডই বিবেচনা করা হয়েছে।

বিশ্বকাপ প্রস্তুতির জন্য আগামীকাল তুরস্কের আন্তালিয়ায় যাবে দলটি। সেখানে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ নিশ্চিত হয়েছে। তবে দল ও সাপোর্ট স্টাফদের ভিসা এখনো ইস্যু হয়নি। ফিফা আশ্বাস দিয়েছে, টুর্নামেন্ট শুরুর আগেই বিষয়টির সমাধান হবে।

গ্রুপ ‘জি’-তে থাকা ইরান আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর একই শহরে বেলজিয়াম এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ