হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দিয়েছে ইরান।
তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ববৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর মধ্যে আলোচনার পর এ সিদ্ধান্ত জানানো হয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল সহজ করার জন্য ইরানের সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, অতীতে বাংলাদেশকে এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতিপ্রাপ্ত দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ কৃতজ্ঞ ছিল।
এরপর ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে যাচাই করে জানান, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে দুই দেশ উপসাগরীয় অঞ্চলের চলমান অস্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, আঞ্চলিক শান্তি বজায় রাখতে সব পক্ষকে সংযম দেখাতে হবে এবং সমস্যার সমাধানে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দিতে হবে।
ইরান বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করে এবং ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের আগ্রহ প্রকাশ করে।
হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য চলাচল নিয়ে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্তকে বাংলাদেশি নৌ-পরিবহন খাতের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
মতামত দিন