দুই দলের পাল্টাপাল্টি গোলে সমতায় ইরান-মিশর
ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জি’র গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ইরান। শুরুতে পিছিয়ে পড়লেও রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফিরেছে দলটি। ফলে নকআউটের টিকিটের লড়াইয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ম্যাচের শুরুটা ছিল মিশরের দাপটে। খেলা শুরুর মাত্র ৫ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন মাহমুদ সাবের। বিশ্বকাপে এটি মিশরের ইতিহাসে দ্রুততম গোল। শুরুতেই লিড পেয়ে আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে আফ্রিকার প্রতিনিধিরা।
তবে কয়েক মিনিট পরই ম্যাচে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় ইরান। বক্সের ভেতরে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দলটি। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি। তার নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবে।
পেনাল্টি মিসের হতাশা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ইরান। ম্যাচের ১৪ মিনিটে মিলাদ মোহাম্মদীর শট প্রথমে আটকে দিলেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি শোবে। ফিরতি বলে দ্রুত ঝাঁপিয়ে পড়ে জোরালো শটে জাল কাঁপান রামিন রেজাইয়ান। তার গোলে ১-১ সমতায় ফেরে ইরান।
গোলের পর দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলছে। মিশর আবারও লিড নেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে সমতা ভেঙে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া ইরানও। ফলে ম্যাচে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
মতামত দিন