ইরানকে আটকে দিয়ে ২–২ ড্র নিউজিল্যান্ডের
২০২৬ বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও জয় তুলে নিতে পারেনি নিউজিল্যান্ড। তবে শক্তিশালী ইরানকে ২–২ গোলে রুখে দিয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কিউইরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নিউজিল্যান্ড। সপ্তম মিনিটে দলীয় সমন্বয়ে গড়া আক্রমণ থেকে এলিজা জাস্ট গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ২৪ মিনিটে মেহদি তারেমির শট পোস্টে লেগে ফিরে এলেও ৩২ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে ইরান। প্রথমার্ধ শেষ হয় ১–১ সমতায়।
বিরতির পর আবারও নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট। ৫৪ মিনিটে ক্রিস উডের নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে এক ম্যাচে একাধিক গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন জাস্ট। একই ম্যাচে দুটি অ্যাসিস্ট করে আরেকটি রেকর্ড গড়েন অধিনায়ক ক্রিস উড।
তবে হাল ছাড়েনি ইরান। ৬৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে রামিন রেজাইয়ানের বাড়ানো ক্রসে মোহাম্মদ মোহেবি দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে ২–২ সমতা ফেরান। ইরানের দুই গোলেই অবদান রাখেন রেজাইয়ান—প্রথমটি করেন নিজে, দ্বিতীয়টিতে করেন অ্যাসিস্ট।
বাকি সময়ে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে আক্রমণ-প্রতি-আক্রমণে ভরপুর ম্যাচটি ২–২ সমতায় শেষ হয়। শক্তিশালী ইরানকে রুখে দিয়ে বিশ্বকাপে মূল্যবান এক পয়েন্ট অর্জন করল নিউজিল্যান্ড।
মতামত দিন