Views Bangladesh Logo

ইরানে ভাইস প্রেসিডেন্ট পদে সুন্নি নেতাকে নিয়োগে পার্লামেন্টের বাধা

 VB  Desk

ভিবি ডেস্ক

সংখ্যালঘু সুন্নি মুসলমান সম্প্রদায়ের রাজনীতিবিদ আবদোল কারিম হোসেন জাদেহকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগে বাধা দিয়েছে ইরানের পার্লামেন্ট।

গত আগস্টে তার ‘মূল্যবান অভিজ্ঞতা’ উদ্ধৃত করে গ্রামীণ উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত এলাকার জন্য ভাইস প্রেসিডেন্ট হিসাবে আবদোল কারিম হোসেন জাদেহকে নিয়োগের ঘোষণা দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভাইস প্রেসিডেন্ট পদে যোগদানের লক্ষ্যে আবদোল কারিম হোসেন জাদেহ এর পার্লামেন্ট থেকে পদত্যাগের বিপক্ষে ভোট দিয়েছেন আইনপ্রণেতারা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, পার্লামেন্টের ২৪৭ জন সংসদ সদস্যের মধ্যে ভোটাভুটিতে যোগ দেন ২৪১ জন। তাদের ১২৯ জনই প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিপক্ষে এবং ১০৭ জন পক্ষে ভোট দেন এবং ভোটদানে বিরত থাকেন পাঁচজন।

ইরানে বেশ কয়েকজন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, যাদেরকে বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট নেতৃস্থানীয় সংস্থাগুলোর দায়িত্ব দেন প্রেসিডেন্ট।

সুন্নি মুসলমানরা ইরানের জনসংখ্যার মাত্র ১০ শতাংশ। শিয়ারা সেখানে বিশাল সংখ্যাগরিষ্ঠ এবং ইসলামের এই শাখাটি সরকারি রাষ্ট্রধর্ম। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে ক্ষমতার গুরুত্বপূর্ণ পদে খুব কমই অধিষ্ঠিত হতে পেরেছেন সুন্নিরা।

২০১২ সাল থেকে ইরানের পার্লামেন্টে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর নাগাদেহ ও ওশনাভিহের প্রতিনিধিত্ব করছেন ৪৪ বছর বয়সী সংস্কারপন্থী হোসেইনজাদেহ। সুন্নিদের অধিকার রক্ষায় তিনি বেশ কিছু অনুষ্ঠানে প্রকাশ্যে কথা বলেছেন।

নিজের নির্বাচনী প্রচারণার সময় নিজেকে সংস্কারবাদী আখ্যা দিয়ে গুরুত্বপূর্ণ পদে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে সুন্নি কুর্দিদের প্রতিনিধিত্বের অভাবের সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ানও।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ