Views Bangladesh Logo

হরমুজে আটকে পড়া বাংলাদেশি ৬ জাহাজ নিয়ে সুখবর দিল ইরান

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে ফেরাতে তেহরান সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, 'ছয়টি জাহাজের বিষয়ে আমরা তেহরানকে জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার অনুমোদন দিয়েছে। তবে জাহাজগুলোর বিস্তারিত তথ্য সময়মতো না পাওয়ায় আমরা সেগুলো শনাক্ত করতে পারিনি। গত সপ্তাহে সেই তথ্য পেয়েছি এবং এ নিয়ে কাজ চলছে। বাংলাদেশের জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই, আমরা সর্বাত্মক সহযোগিতা করব।'

দেশে জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের চিত্র আমরা তেহরানে পাঠিয়েছি। আমাদের বন্ধুরা যাতে কোনো সমস্যায় না পড়েন, সে জন্য সব ধরনের সহযোগিতার অনুরোধ করা হয়েছে।'

যুদ্ধের পর হরমুজ প্রণালির নিয়মে পরিবর্তন আসবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, 'ইনোসেন্ট প্যাসেজের নিয়ম অনুযায়ী ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালি দিয়ে যেতে পারবে না। আমাদের সংসদ ও সরকার এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। হরমুজ প্রণালিতে আমাদের নিয়ন্ত্রণ ও আধিপত্য আমরা প্রতিষ্ঠিত করবই।'

সম্প্রতি ইরানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর বিষয়ে তিনি বলেন, 'আমরা ১৮০-র বেশি বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরাতে সহযোগিতা করেছি। তাদের অনেকেই ভিসা ও পাসপোর্ট ছাড়া ইরানে প্রবেশ করেছিলেন। তাদের গ্রেপ্তার বা হয়রানি না করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সঙ্গে সমন্বয় করে নামমাত্র জরিমানায় ফেরার ব্যবস্থা করা হয়েছে।'

এই সহযোগিতার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে এই যুদ্ধে বাংলাদেশের অবস্থান নিয়ে ইরানের 'কষ্টের জায়গা আছে' বলেও ইঙ্গিত দেন রাষ্ট্রদূত।

যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব প্রসঙ্গে জলিল রহিমি বলেন, 'যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে পারেনি, এই শর্তের মাধ্যমে তারা তা পেতে চাইছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি এবং তাদের ১৫ দফার কোনো জবাবও দেওয়া হয়নি।'

তিনি আরও বলেন, 'ইরান কখনো যুদ্ধ চায় না। তবে এমনভাবে যুদ্ধ শেষ করতে চায়, যাতে পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় এবং ইরানের জনগণের অধিকার নিশ্চিত হয়।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ