Views Bangladesh Logo

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নিয়ে গেছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাকে সেখানে নেওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিবি পুলিশ তাকে কার্যালয়ে নিয়ে এসেছে। সেখানে তার সঙ্গে কথা বলা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে তাকে ফেরত পাঠানোর কারণ তখনও প্রকাশ করা হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে জাতীয় প্রেসক্লাবে যান তিনি।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন ইকবাল সোবহান চৌধুরী। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও যুক্ত ছিলেন তিনি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফেনী-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি। পরে শেখ হাসিনার সরকারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ