মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ১৯তম আসর থেকে বাদ দেওয়া নিয়ে তিন মাস পর অবশেষে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তকে “দুর্ভাগ্যজনক” হিসেবে আখ্যায়িত করেছেন।
ভারতের উগ্রপন্থীদের হুমকির কারণে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-কে মোস্তাফিজকে বাদ দিতে নির্দেশ দেওয়া হয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে। এর প্রভাব বাংলাদেশের ক্রিকেটেও পড়েছিল। আইপিএলের সম্প্রচার এক পর্যায়ে বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশ থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপের দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে পাকিস্তানও এই ঘটনায় জড়িত হয়, যার ফলে বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা তৈরি হয়।
মোস্তাফিজকে কেকেআর নিলামে কেনা হয়েছিল ৯ কোটি ২০ লাখ রুপিতে, যেখানে তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। চেন্নাইয়ের সঙ্গে তাকে নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলেছিল। এমন চাহিদাসম্পন্ন একজন খেলোয়াড়কে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া নিয়ে ধুমালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মাঝে মাঝে বিষয়গুলো যেভাবে ঘটে বা সামনে আসে, সেটাকে আমি দুর্ভাগ্যজনক বলব।”
তিনি আরও যোগ করেন, “আমি মনে করি দৈনন্দিন ক্রিকেট পরিচালনায় সরকারের কোনো আগ্রহ বা ভূমিকা নেই। সরকার মূলত ক্রিকেটের প্রতি সহায়ক ভূমিকা পালন করে।”
মোস্তাফিজকে বাদ দিতে বলা হয়েছিল বলে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সে সময় জানিয়েছেন। পরে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বোর্ডের বেশিরভাগ কর্মকর্তা এই সিদ্ধান্তের আগে থেকে সচেতন ছিলেন না।
ধুমাল জানান, এই ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটে যায়, তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর ঘটবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে