৩ বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
টানা তিন বছর ভারতের বাইরে অনুষ্ঠিত হওয়ার পর আবারও ঘরের মাঠে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ সালের আসরের মিনি-নিলাম ভারতে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মঙ্গলবার অনুষ্ঠিত আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ ২০২৩ সালে কোচিতে ভারতের মাটিতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২৪, ২০২৫ ও ২০২৬ আসরের নিলাম দেশের বাইরে আয়োজন করা হয়। ওই তিন বছরের নিলাম অনুষ্ঠিত হয় যথাক্রমে দুবাই, জেদ্দা ও আবুধাবিতে।
বিদেশে মিনি-নিলাম আয়োজনের কারণে বড় প্রতিনিধিদল নিয়ে যাতায়াত, থাকা-খাওয়া ও অতিরিক্ত ব্যবস্থাপনার খরচ ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য বাড়তি ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তির বিষয়টি বিবেচনায় নিয়ে বিসিসিআই ভারতে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
তবে নিলাম কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ভারতে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিয়ের মৌসুম চলায় পাঁচতারা হোটেলে পর্যাপ্ত কক্ষ পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হচ্ছে বোর্ডকে।
সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই মিনি-নিলাম অনুষ্ঠিত হতে পারে। তবে ২০২৮ সালের মেগা-নিলাম আবারও ভারতের বাইরে আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের।
এদিকে, আইপিএলের আলোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি আগামী আসরে থাকবে কি না, সে বিষয়ে মঙ্গলবারের বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী মাসে গভর্নিং কাউন্সিলের আরেকটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।
মতামত দিন