একসঙ্গে অনেক কিছু করা সম্ভব, ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল: সার্জিও গোর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের মধ্যে অনেক সম্ভাবনা আছে, আগামী সপ্তাহে মার্কিন বিনিয়োগকারীর একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। আমরা একসঙ্গে অনেক কিছু করতে পারি।
শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গোর।
সার্জিও গোর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার অফিসে একটি খুব ভালো বৈঠক শেষ করেছি। যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান জানায়। আমরা যেমনটি আলোচনা করেছি, আমাদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। আমরা বাংলাদেশের জন্য আমাদের ট্রাভেল অ্যাডভাইজরি কমিয়ে দিয়েছি, যাতে মানুষকে পর্যটক হিসেবে এবং বিনিয়োগে আগ্রহী হিসেবে এখানে আসতে উৎসাহিত করা যায়।
তিনি জানান, আগামী সপ্তাহে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল সফর করতে যাচ্ছে। আমরা যে বার্তাটি নিশ্চিত করতে চাই তা হচ্ছে, আমাদের দুই পক্ষের মধ্যে অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে। আর সেটা ওষুধ শিল্পের সঙ্গে সম্পর্কিতই হোক না কেন বা অন্য কোনও কিছুর সঙ্গে হোক না কেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে অনেক কিছু করতে পারে। আমরা এই সম্পর্ক তৈরি করতে এবং পরবর্তী স্তরে যাওয়ার অপেক্ষায় রয়েছি।
উল্লেখ্য, গত ৩০ জুলাই তিন দিনের সফরে ঢাকায় আসেন সার্জিও গোর। ঢাকা সফরের প্রথম দিনে সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন এই বিশেষ দূত। ৩১ জুলাই কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন তিনি। সফরের শেষ দিনে আজ (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গোর।
মতামত দিন