ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যার ঘটনায় তদন্ত কমিটি
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৭ মার্চ) দুপুরে জরুরি প্রশাসনিক সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার প্রেক্ষাপট তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. গোলাম মওলাকে সদস্যসচিব করা হয়েছে।
অন্য সদস্যরা হলেন—বাংলা বিভাগের অধ্যাপক রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক গাজী আরিফুজ্জামান খান।
কমিটির আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো আনুষ্ঠানিক কাগজপত্র হাতে পাননি। কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে তদন্তের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে এবং যত দ্রুত সম্ভব প্রতিবেদন দেওয়ার চেষ্টা করা হবে।
এদিকে শিক্ষক হত্যার প্রতিবাদ, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনরা।
গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে নিজ কক্ষে সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমানকে গলায় আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন বৃহস্পতিবার দাফন শেষে নিহত শিক্ষিকার স্বামী মুহা. ইমতিয়াজ সুলতান চারজনকে আসামি করে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, বিভাগের অভ্যন্তরীণ বিরোধ ও বিভিন্ন ঘটনার জেরে তিন সহকর্মীর প্ররোচনা ও নির্দেশনায় একজন কর্মচারী এই হত্যাকাণ্ড ঘটায়।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন বিভাগের সাবেক প্রধান সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস। অভিযুক্ত কর্মচারী খন্দকার ফজলুর রহমান বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
নিহত আসমা সাদিয়া রুনা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে