সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার স্বাক্ষরিত চিঠিতে ইন্টারপোলের বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
চিঠিটি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি এ বিষয়ে অগ্রগতি জানাতে এবং প্রয়োজন হলে ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে অবহিত করতেও অনুরোধ করা হয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আজিজ আহমেদের বিরুদ্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ওই সময় তিনি বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আজিজ আহমেদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে তারা জানতে পেরেছেন। তাকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে আশাবাদী প্রসিকিউশন। তার ভাষ্য অনুযায়ী, শাপলা চত্বরের ঘটনায় কোনো পলাতক আসামিকে দেশে ফেরাতে এটাই প্রথম এমন উদ্যোগ।
তিনি আরও জানান, দেশের বাইরে অবস্থানরত মামলার অন্য পলাতক আসামিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি অন্য মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।
মতামত দিন