Views Bangladesh Logo

বৃহস্পতিবার রাত থেকে তিন দিন ইন্টারনেট ধীরগতির শঙ্কা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫–এর রক্ষণাবেক্ষণ ও ত্রুটি মেরামত কাজ শুরু হওয়ায় আগামী বৃহস্পতিবার রাত থেকে পরবর্তী তিন দিন সারা দেশে ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে। এ সময় আংশিক বিঘ্নেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, কুয়াকাটায় স্থাপিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমে শনাক্ত হওয়া ‘শাট ফল্ট’ মেরামতের কাজ বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হবে এবং চলবে সোমবার ভোর ৬টা পর্যন্ত। অর্থাৎ টানা ৩ দিন ৮ ঘণ্টা এই কার্যক্রম চলবে।

মেরামত কাজের সময় সাময়িকভাবে এই ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো বন্ধ রাখা হবে। ফলে আন্তর্জাতিক ব্যান্ডউইথনির্ভর ইন্টারনেট সেবায় ধীরগতি বা আংশিক বিঘ্ন দেখা দিতে পারে।

তবে বিকল্প হিসেবে কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ সচল থাকবে বলে জানিয়েছে বিএসসিসিএল। এতে পুরো দেশ ইন্টারনেট বিচ্ছিন্ন না হলেও স্বাভাবিক গতির তুলনায় কম গতির অভিজ্ঞতা হতে পারে।

বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনঃস্থাপনের আশা করছে কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ