Views Bangladesh Logo

কুয়াকাটায় আজ থেকে পর্দা উঠছে ১০ম আন্তর্জাতিক পানি সম্মেলনের

টুয়াখালীর কুয়াকাটায় আজ রোববার (২৬ জানুয়ারি) থেকে পর্দা উঠছে দু’দিনব্যাপী ১০ম আন্তর্জাতিক পানি সম্মেলনের।


দেশ-বিদেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে বাংলাদেশসহ আন্ত:সীমানায় পানি ও নদী নিয়ে চলমান ভূ-রাজনীতি এবং সমুদ্রের বিদ্যমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করা হবে এই আন্তর্জাতিক সম্মেলনে। বাংলাদেশ ছাড়াও নেপাল, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞরা এতে বক্তব্য রাখবেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয়- পানির ভূ-রাজনীতি এবং সমুদ্রের ভবিষ্যৎ। এই সম্মেলন চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। সম্মেলনের আয়োজক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ।

এবারের সম্মেলনের লক্ষ্য হলো-দেশ ও বিদেশের যুবক, নারী, একাডেমিক, গবেষক, নীতিনির্ধারক, এনজিও, দাতা সংস্থা এবং বাস্তবায়নকারীদের একত্রিত করে পানি শাসন, নদী ব্যবস্থাপনা এবং পানি ও সমুদ্রের ভবিষ্যতের স্থায়িত্ব সংক্রান্ত বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে সক্রিয় আলোচনা করা। এই আলোচনার মাধ্যমে এসব বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং গুরুত্বারোপ করে একটি কার্যকর উদ্যোগ গড়ে তোলা।

এছাড়াও, পানিসম্পদ ব্যবস্থাপনায় অংশীদারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে আঞ্চলিক স্থিতিশীলতা, আঞ্চলিক সহযোগিতা, ন্যায়সংগত বণ্টন এবং পানি ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে সার্বিক উন্নয়ন সাধন করা হবে। পাশাপাশি, পানি, নদী এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় পর্যায়ে উদ্ভাবনীমূলক সমাধান চিহ্নিত করা এবং প্রচার করা, টেকসই ও সহনশীলতার দিকে অগ্রসর হওয়া, এবং পানিসম্পদ ও সামুদ্রিক সম্পদের ব্যবস্থাপনায় ন্যায়সংগত ও ন্যায্যতার দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা সম্মেলনের মূল উদ্দেশ্য।

দুই দিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনে তিস্তা ও সীমান্তবর্তী নদীসমূহের ভবিষ্যৎ; জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় উদ্ভাবন; জলবায়ু ভবিষ্যৎ, পানি অর্থায়ন এবং হাইড্রো-কূটনীতির ভূমিকা নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় দিনে পানি ব্যবস্থাপনায় নারীবাদী দৃষ্টিতে জলবায়ু পরিবর্তন এবং ক্ষমতার সম্পর্ক মূল্যায়ন; পানি বিষয়ক শিক্ষাকে মূলধারায় সম্পৃক্তকরণ; এবং সহযোগিতার ভূ-রাজনীতি এবং সমুদ্র ও পানিসম্পদ রক্ষা নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, পানি সম্পদের গুরুত্ব, পানির ন্যায্যতা এবং নদীর অধিকার নিশ্চিত করবার জন্য জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে একশনএইড বাংলাদেশ। একই সাথে পানিসম্পদ ও তার ব্যবস্থাপনা নিয়ে মানুষের চিন্তার প্রসার, পানি নিয়ে বিভিন্ন উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানো, বিভিন্ন ধরনের সংলাপকে উৎসাহিত করা, পানি নিয়ে একত্রে কাজ করতে জোট গঠন, আন্তঃসীমান্ত কার্যক্রমের উৎসাহ প্রদান ইত্যাদি উদ্দেশ্যকে মাথায় রেখেই ২০১৬ সাল থেকে আন্তর্জাতিক পানি সম্মেলন আয়োজন করে আসছে দেশের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি। এরই ধারাবাহিকতায় এবছর পানির ভূ-রাজনীতি ও মহাসাগরীয় ভবিষ্যৎ নিয়ে সম্মেলনটির আয়োজন করা হচ্ছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ