Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে হবে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে প্রথম পর্যায়ে ১০টি অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। এ তালিকায় অগ্রাধিকার পাবে নারায়ণগঞ্জ বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর ওসমানী স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের আয়োজিত বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নির্মিতব্য স্পোর্টস ভিলেজগুলোতে ইনডোর গেমস, আর্চারি, শুটিং, সাঁতারসহ বিভিন্ন আন্তর্জাতিক মানের ক্রীড়া সুবিধা থাকবে। প্রথম ধাপে ১০টি অঞ্চলে এসব ভিলেজ নির্মাণ করা হবে এবং নারায়ণগঞ্জকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি জেলায় আধুনিক সুইমিংপুল নির্মাণ করা হবে। পাশাপাশি জরাজীর্ণ সুইমিংপুলগুলো সংস্কার করা হবে, যাতে সাঁতার শেখার সুযোগ বাড়ে এবং পানিতে ডুবে মৃত্যুর ঘটনা কমানো যায়।

ফতুল্লা স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমিনুল হক বলেন, আন্তর্জাতিক মানের এই ক্রিকেট স্টেডিয়ামটি বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কারকাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রীড়াকে শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি বলেন, নতুন জাতীয় শিক্ষাক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা ও সাঁতারসহ আটটি ক্রীড়া বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে এসব বিষয়ে পাঠদান শুরু হবে। লিখিত পরীক্ষার পাশাপাশি মাঠে অংশগ্রহণের ভিত্তিতেও শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের সব ইউনিয়নে খেলাধুলার উপযোগী মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৩০০ সংসদ সদস্যকে চিঠি দেওয়া হয়েছে, যাতে প্রতিটি ইউনিয়নে অন্তত আট বিঘা জমিতে একটি করে খেলার মাঠ গড়ে তোলা যায়। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব ইউনিয়নে ক্রীড়াবান্ধব মাঠ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ