আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস
আজ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। জাতিসংঘ ঘোষিত এই দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের দাবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য, ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন।’
১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালনের স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বের ৯০টির বেশি দেশে বসবাসকারী প্রায় ৩৭ কোটি আদিবাসী মানুষের অধিকার সুরক্ষা ও তাদের সংস্কৃতি-ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে।
পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ রোববার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
অতিথি হিসেবে বক্তব্য দেবেন নারী অধিকারকর্মী খুশী কবির, সংসদ সদস্য আন্না মিনজ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার, শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন এবং আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংসহ অনেকে।
মতামত দিন