Views Bangladesh Logo

দুই দশক পর শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের আসর। দীর্ঘ প্রায় দুই দশক পর এই মাঠে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন।

আগামী ৮ ও ১০ জুন স্টেডিয়ামটিতে বাংলাদেশ এ দল বনাম জিম্বাবুয়ে এ দলের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে নতুন কুঁড়ি স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ তৈরি হবে।

স্টেডিয়াম সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬ সালের পর এই মাঠে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ভেন্যুকে আন্তর্জাতিক ম্যাচের তালিকা থেকে বাদ দেয়। এরপর স্টেডিয়ামের অনেক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয় এবং মাঠের কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে পড়ে।

তবে স্থানীয়দের দীর্ঘ আন্দোলন ও দাবির পর আবারও মাঠটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করা হচ্ছে বলে জানা গেছে।

ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ বিরতির পর আবার আন্তর্জাতিক ম্যাচ ফিরলে বগুড়ার ক্রিকেটে নতুন প্রাণ ফিরবে এবং স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলায় আগ্রহ বাড়বে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ