Views Bangladesh Logo

৬ দফা বাস্তবায়নের আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর চলমান কর্মবিরতি ও ক্লাস বর্জন কর্মসূচি আগামী ৭ কর্মদিবসের জন্য স্থগিত করেছেন ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম কর্মসূচি স্থগিতের এই ঘোষণা দেন।

ডা. নাবিল বিন কাশেম বলেন, আজ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে আমাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে সেগুলো আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের নিশ্চয়তাও দেওয়া হয়েছে। তাই আগামীকাল থেকে চলমান কর্মবিরতি ও আন্দোলন সাত কার্যদিবসের জন্য স্থগিত করা হলো।

এর আগে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। এ কারণে আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধানের বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।

স্বাস্থ্য সচিব ঘোষণা করেন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার টাকা করা হয়েছে, যা জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডের মূল বেতনের সমপরিমাণ। এ ছাড়া এফসিপিএস প্রশিক্ষণরত চিকিৎসকরাও কোনো ইনক্রিমেন্ট ছাড়া ৯ম গ্রেড সমমানের সুযোগ-সুবিধা পাবেন। সরকারের নতুন পে-স্কেল বাস্তবায়ন কৌশল অনুযায়ী পরবর্তীতে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের এই ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। একই সাথে এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সকল বেসরকারি ট্রেইনি চিকিৎসককে নিয়মিত মাসিক ভাতা প্রদান করা হবে।

'স্বাস্থ্য সুরক্ষা আইন' প্রসঙ্গে সচিব বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের (স্টেকহোল্ডার) সাথে আলোচনা করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির প্রস্তাবটি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তিনি আরও জানান, বিসিপিএস এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এ ছাড়া বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেল কলেজগুলোতে কর্মরত শিক্ষানবিস চিকিৎসকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণেও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ