রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনদের হাতে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দূরদূরান্ত থেকে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
ইন্টার্ন ডক্টর সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি হাসপাতালে চিকিৎসকদের ওপর একাধিক হেনস্তার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে ১৩ নম্বর ওয়ার্ডে দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসক রোগীর স্বজনদের হাতে হেনস্তা ও মবের শিকার হন। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা।
দাবি আদায়ে বুধবার সকাল ৯টায় হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধনও করেন বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা। তারা সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে ইন্টার্ন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় তাদের কর্মবিরতির প্রভাব পড়েছে সার্বিক সেবায়। ফলে অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
রাজশাহীর বাঘা উপজেলা থেকে আসা বক্কর আলী জানান, সোমবার তিনি তার স্ত্রীকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করালেও চিকিৎসাসেবা না পাওয়ায় এখনো চিকিৎসা শুরু হয়নি। তার মতো আরও অনেক রোগী ও স্বজনরা চরম দুর্ভোগে পড়েছেন।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস বলেন, “ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে কিছুটা সেবায় বিঘ্ন ঘটছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে।”
তিনি আরও জানান, পরিস্থিতি সমাধানে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠক করা হলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষের চেষ্টা অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে