রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: বিপাকে রোগীরা
৬ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা।
রোববার (৭ জুন) বেলা সোয়া ১১টার দিকে রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন প্রায় ২২০ জন ইন্টার্ন চিকিৎসক।
সকাল থেকে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে ‘রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদ’-এর ব্যানারে এ কর্মবিরতি শুরু হয়। এ সময় তারা তাদের ঘোষিত ভাতা বৃদ্ধি, বিসিএসে বয়সসীমা বৃদ্ধি এবং বাধ্যতামূলক শিক্ষানবিশকাল বাতিলসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
আন্দোলনরত চিকিৎসকদের প্রধান দাবির মধ্যে রয়েছে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছরের বাধ্যতামূলক শিক্ষানবিশকাল (ইন্টার্নশিপ) বাতিল এবং বিসিএস চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করা।
কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবায় প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিলেও রোগীদের সেবা সচল রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল প্রশাসন জানিয়েছে, অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সরাসরি তত্ত্বাবধান ও সহযোগিতায় বিকল্প ব্যবস্থার মাধ্যমে চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে, যাতে রোগীরা কোনো ধরনের ভোগান্তির শিকার না হন।
তবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসা কার্যক্রমে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ভাতা বৃদ্ধি ও অন্যান্য দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ‘ইন্টার্ন চিকিৎসক ফোরাম’-এর ডাকে রোববার থেকে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে