পাঁচ দফা দাবিতে সিলেটে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেটের সকল মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে প্রাইভেট চেম্বার বন্ধ রাখা হয়েছে।
ইমার্জেন্সি ও আইসিইউ বিভাগ ছাড়া সকাল থেকে বন্ধ রয়েছে আউটডোরে সকল চিকিৎসা সেবা। এতে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের।
ইন্টার্ন চিকিৎসকরা বলেন, দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না। দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়ানো। মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। বিএমডিসি অ্যাক্ট-২০১০-কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, যার রায় আগামী ১২ মার্চ হওয়ার কথা তা যাতে বিলম্ব না করা হয়।
তারা আরও বলেন, দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন সকল চিকিৎসকরা। তাই আজ চিকিৎসকদের সব ধরনের প্রাইভেট চেম্বার বন্ধ থাকবে। এতে রোগীদের সাময়িক সমস্যা হলেও এই আন্দোলন বাংলাদেশের চিকিৎসাখাতকে সংস্কার করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে