দেশজুড়ে মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
দেশজুড়ে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ইন্টার্ন চিকিৎসকরা ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে একইসঙ্গে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
রোববার (৭ জুন) সকাল থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহীসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে এ কর্মসূচি শুরু হয়। কর্মবিরতির পাশাপাশি বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশও অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করে। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দুপুর ১১টার পর চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও সকালে একটি বিক্ষোভ মিছিল করেন এবং পরে হাসপাতাল পরিচালক বরাবর তাদের ছয় দফা দাবি পেশ করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও একই দিনে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে যোগ দেন। হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি না মানা হলে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন।
আন্দোলনকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৯ মে তারিখের এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার এবং নতুন নির্দেশনা জারি। তাদের অভিযোগ, ওই সিদ্ধান্তে ঢাকার কিছু মেডিকেল কলেজে নতুন পোস্টিং স্থগিত, উপজেলায় বাধ্যতামূলক দুই বছরের সেবা এবং সীমিত ভাতা নির্ধারণ করা হয়েছে, যা তারা প্রত্যাহার চান।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে— ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, ট্রেইনি চিকিৎসকদের জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড অনুযায়ী বেতন ও আবাসন ভাতা প্রদান, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, বিএমডিসি আইন ২০২৫ পূর্ণাঙ্গ আইন হিসেবে প্রণয়ন, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং বেসরকারি চিকিৎসকদের জন্য স্বচ্ছ বেতন কাঠামো প্রণয়ন।
এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১ হাজার টাকায় সীমিত করার দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে