Views Bangladesh Logo

চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা একটি বিতর্কিত নোটিশ প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৭ জুন) সকাল ৮টা থেকে তারা এ কর্মবিরতি শুরু করেন। আন্দোলনকারীদের দাবি, সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না আসায় বাধ্য হয়েই তারা এ কর্মসূচিতে যান।

এর আগে ৪ জুন চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (চমেকহা ২০২৫–২৬) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় এবং ৫ জুন রাত পর্যন্ত দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়েও দাবি পূরণে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় শনিবার রাতে সারাদেশের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে— স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাম্প্রতিক সিদ্ধান্ত প্রত্যাহার, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, বিএমডিসি আইন সংস্কার এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। প্রয়োজনে সারাদেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি রোববার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আয়োজনের কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ