অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে টিকাদান ব্যাহত হয়েছিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে হামের টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কেবল টিকাদানের মাধ্যমেই হাম প্রতিরোধ সম্ভব। কিন্তু আগের সরকারের সময় নেওয়া ভুল নীতির কারণে এ কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছিল।
তিনি আরও বলেন, ২০২০ সালের পর ২০২৫ সালে আরও একটি জরুরি টিকাদান কর্মসূচি চালু হওয়া প্রয়োজন ছিল, কিন্তু সে সময় তা বাস্তবায়ন করা হয়নি।
ডা. এম এ মুহিত বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর দ্রুত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়।
তিনি জানান, প্রথমে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এবং দ্বিতীয় ধাপে পাঁচটি মহানগরে টিকাদান শেষে সোমবার থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকা দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা প্রমুখ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে