বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের বড় ভুল: সাকিব
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্তকে অন্তর্বর্তী সরকারের বড় ভুল বলে মনে করেন সাকিব আল হাসান।
মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, 'বাংলাদেশের ক্রিকেট বিবেচনায় এটা বড় মিস। আমরা ক্রিকেট-পাগল জাতি, আর তেমনই একটি দেশ হিসেবে বিশ্বকাপে অংশ না নেওয়া আমাদের জন্য বড় ক্ষতি।'
মূলত নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। এর পেছনে ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের অবনতি এবং বিসিসিআই কর্তৃক পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনাও ভূমিকা রেখেছিল।
বিসিবি চেয়েছিল বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক, কিন্তু আইসিসি রাজি হয়নি। ফলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয় এবং ১৯৯৯ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপে অংশ নেওয়া হয়নি বাংলাদেশের।
তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল একাধিকবার বলেছিলেন, বিসিবি সরকারের নির্দেশেই কাজ করেছে। তবে বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর তিনি দাবি করেন, বিসিবি স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিয়েছিল।
বর্তমান নিউজিল্যান্ড সিরিজ নিয়ে সাকিব বলেন, 'এই মুহূর্তে দলটি দুর্দান্ত খেলছে। আগে ব্যক্তিগত নৈপুণ্যে নির্ভর করত, এখন দলগতভাবে পারফর্ম করছে। এগিয়ে যাওয়ার এটাই সেরা পন্থা।'
দুই বোর্ডের সম্পর্ক নিয়ে সাকিব আশাবাদ প্রকাশ করে বলেন, আগস্ট বা সেপ্টেম্বরে একটি সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি হলে বিসিসিআই ও বিসিবির সম্পর্ক উন্নত হবে বলে তিনি মনে করেন।
এদিকে তামিম ইকবাল বিসিবির নতুন সভাপতি হওয়া প্রসঙ্গে সাকিব বলেন, 'তিনি সভাপতি হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করবেন। আশা করি বাংলাদেশের ক্রিকেট তার কাছ থেকে উপকৃত হবে।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে