Views Bangladesh Logo

১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেসসচিব

সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যেই ক্ষমতা হস্তান্তর (হ্যান্ডওভার) প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি তিন দিনের মধ্যেই শেষ করা সম্ভব। অর্থাৎ ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর হতে পারে। এটি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির বেশি সময় নেবে না সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেসসচিব।

তিনি বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। এরপরই অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

শফিকুল আলম বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত পরবর্তী সরকারের কার্যক্রমে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা থাকবে না। নির্বাচন শেষ হওয়ার পরপরই এবং সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হলে দায়িত্ব হস্তান্তর করা হবে। এ প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করাই সরকারের লক্ষ্য।

সংবাদ সম্মেলনে প্রেসসচিব বলেন, অতীতে বাংলাদেশে নাটক সাজিয়ে যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড (এক্সট্রা জুডিশিয়াল কিলিং) ঘটানো হতো, বর্তমানে তেমন কোনো ঘটনা ঘটছে না। যারা অতীতে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, তাদের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের একটি বড় দায়িত্ব ছিল নির্বাচন আয়োজনের জন্য দেশকে প্রস্তুত করা। পাশাপাশি রাষ্ট্রব্যবস্থাকে একটি কার্যকর সংস্কারের পথে নিতে ‘জুলাই চার্টার’ প্রণয়ন করা হয়েছে। এই জুলাই চার্টার বর্তমানে গণভোটে উপস্থাপিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ এর ফলাফল জানাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেসসচিব আরও বলেন, বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা আগে দুই-তিনজন ব্যক্তির হাতে কুক্ষিগত ছিল। এখন সেখানে একটি বড় পরিবর্তন এসেছে।

সরকারের মেয়াদ শেষ হওয়ার আগমুহূর্তে উপদেষ্টারা নিজেদের সম্পদের হিসাব প্রকাশ করবেন বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ