Views Bangladesh Logo

‘অনুদানের ২০ কোটি টাকা ফেরত নিয়ে মহিলা ক্রীড়া সংস্থাকে পঙ্গু করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার’

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে দেওয়া ২০ কোটি টাকার অনুদান কেড়ে নিয়ে সংস্থাটিকে পঙ্গু করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। শনিবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

শুক্লা জানান, ২০২২ সালের ২১ এপ্রিল ও ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি দুটি চেকের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সংস্থাকে মোট ২০ কোটি টাকা এফডিআর আকারে অনুদান দেওয়া হয়। এর লভ্যাংশের ৮০ শতাংশ মহিলা ক্রীড়া উন্নয়নে এবং বাকি ২০ শতাংশ মূল অর্থের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল। ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়মিত লভ্যাংশ পাওয়া গেলেও এরপর হঠাৎ তা বন্ধ হয়ে যায়।

কারণ জানতে একাধিকবার ব্যাংকে যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি। গত ৬ মে সংস্থার সাধারণ সম্পাদিকা ও হিসাবরক্ষক ব্যাংকে উপস্থিত হলে মৌখিকভাবে জানানো হয়, সাবেক অন্তর্বর্তীকালীন সরকার পুরো অনুদান বাতিল করে অর্থ ফেরত নিয়েছে।

শুক্লা আরও অভিযোগ করেন, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে তৎকালীন মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিঞার স্বাক্ষরিত আদেশে সোনালী ব্যাংকের প্রধানমন্ত্রীর কার্যালয় কর্পোরেট শাখা থেকে টাকা কেড়ে নেওয়া হয়। অথচ এ বিষয়ে সংস্থার কাউকে কিছুই জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলি, সহ-সভাপতি ফিরোজা খাতুন এবং সদস্য এলিনা শাম্মীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শুক্লা দ্রুত অনুদানের ২০ কোটি টাকা ফেরত দেওয়ার দাবি জানান এবং কীভাবে ও কেন এই অর্থ আটকানো হয়েছে তার সুষ্ঠু তদন্তের জন্য প্রধানমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ