অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং বর্তমান সরকার নিশ্চয়ই তা তদন্ত করবে। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠিত হলে এসব কাজ তাদের মাধ্যমেই শুরু হবে। শুধু অতীতের দুর্নীতি নয়, বর্তমান সরকারের সময়েও কোনো অনিয়ম হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি কেবল বিদ্যুৎ খরচের বিষয় নয়, সড়ক নিরাপত্তার সঙ্গেও জড়িত। অলিগলিতে চলাচলের যান এখন প্রধান সড়কেও চলছে, যা ঝুঁকি বাড়াচ্ছে। অনিয়মিত চালক ও ত্রুটিপূর্ণ যানবাহনের বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে সরকার।
ব্যাংক খাত প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আগের সরকারের আমলে দুর্বল হয়ে পড়া ব্যাংকিং খাত পুনর্গঠনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তবে এই খাত অত্যন্ত সংবেদনশীল হওয়ায় হঠাৎ বড় পরিবর্তন আস্থার সংকট তৈরি করতে পারে। তাই ধীরে ও পরিকল্পিতভাবে সংস্কার এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে