সংবাদ সম্মেলনে সেনাপ্রধান
অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে বৃহস্পতিবার রাত ৮টায়
অন্তর্বর্তী সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বুধবার (৭ আগস্ট) সেনাসদরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সেনাপ্রধান বলেন, ‘ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশা কারি আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’
এ সরকারের সদস্য হবে ১৫ জন। তবে দুই একজন বাড়তেও পারে। এ বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাপ্রধান বলেন, ড. ইউনূসকে সব ধরনের সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী। আমরা আশা করি সবার চেষ্টায় আমরা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব।
শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, আপনারা দেখেন শিক্ষার্থী বিভিন্ন সরকারি স্থাপনা পরিষ্কার করছেন। তারা ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে ট্রাফিকের দায়িত্বও পালন করছেন। আমি তাদের সাধুবাদ জানাই। আশা করি আগামীতেও তারা এ দায়িত্ব পালন করবেন। আমাদের কাজে সহযোগিতা করবেন।
পুলিশ পুনর্গঠনের বিষয়ে ওয়াকার-উজ-জামান বলেন, পুলিশ বাংলাদেশের সবচেয়ে বড় বাহিনী। এরই মধ্যে এ বাহিনী পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি তারা মনোবল ফিরিয়ে এনে একটি পেশাদারি বাহিনী হিসেবে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে