অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারা ডিওএইচএসে অবস্থিত স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দেশবাসী একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচন প্রত্যক্ষ করবে।
সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও ভোটকেন্দ্র দখলের মতো কোনো অপ্রীতিকর ঘটনার খবর প্রশাসনের কাছে আসেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে সক্রিয় থাকায় বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবার একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও যদি এমন কোনো ঘটনার প্রমাণ বা ভিডিও থাকে, তা আমাদের দিন; আমরা কঠোরভাবে বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বলয় রাজধানীসহ দেশের প্রতিটি জেলায় নিবিড় নজরদারি বজায় রেখেছে বলে জানান তিনি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং ভোটকেন্দ্রের পবিত্রতা রক্ষায় সরকার কোনো আপস করবে না বলেও স্পষ্ট করেন উপদেষ্টা।
তিনি আরও বলেন, একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন আয়োজনের যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের উৎসবমুখর উপস্থিতি বর্তমান নির্বাচনী ব্যবস্থার প্রতি তাদের আস্থারই প্রতিফলন।
এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। প্রধান উপদেষ্টা ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভোটদান নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করেছে।
নির্বাচন-পরবর্তী সময়েও নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখার নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফলাফল ঘোষণা পর্যন্ত যাতে কোনো অনাকাঙ্ক্ষিত সহিংসতা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি তিনি দেশবাসীকে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক এ উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে