সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ দেওয়া স্থগিত
সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য দেওয়া সুদমুক্ত ঋণ সুবিধা বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানানো হয়।
‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০২০’ অনুযায়ী উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তারা সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণে গাড়ি কিনতে পারতেন। এ ছাড়া গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতন বাবদ মাসে ৫০ হাজার টাকা ভাতা এবং বার্ষিক ১০ শতাংশ হারে অবচয় সুবিধাও পেতেন তারা। নতুন সিদ্ধান্তে এসব সুবিধা বন্ধ হয়ে গেল।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের পরিচালন ব্যয় কমাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণও বন্ধ থাকবে। প্রশিক্ষণ ব্যয় ছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ, সভা ও সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ, সেমিনার ও কনফারেন্স ব্যয় ২০ শতাংশ এবং ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমাতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে