নির্বাচন ও গণভোট ঘিরে ১১ ফেব্রুয়ারিও চলবে দূরপাল্লার বাস: মালিক সমিতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি।
রোববার (৮ ফেব্রুয়ারি) সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ১১ ফেব্রুয়ারির তুলনায় ১০ ফেব্রুয়ারির অগ্রিম টিকিটের চাহিদা অনেক বেশি। অধিকাংশ ভোটার ভোটের এক দিন আগেই নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা করায় ১০ ফেব্রুয়ারিতে যাত্রীচাপ বেশি দেখা যাচ্ছে, যেখানে ১১ ফেব্রুয়ারির টিকিটের চাহিদা তুলনামূলক কম।
ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি দূরপাল্লার বাস চলাচল প্রসঙ্গে তিনি জানান, ওই দিন অধিকাংশ বাস সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। যদিও বাস চলাচলের ওপর সরাসরি কোনো আইনি নিষেধাজ্ঞা নেই, তবে পরিবহন খাতের বেশিরভাগ চালক ও শ্রমিক ভোট দেওয়ার জন্য ছুটি নেওয়ায় এই পরিস্থিতি তৈরি হতে পারে।
মালিক সমিতির সভাপতির মতে, ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর ১২ ফেব্রুয়ারি রাত থেকেই ধীরে ধীরে দূরপাল্লার বাস সার্ভিসগুলো আবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যান চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।
সবচেয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে মোটরসাইকেলের ওপর। ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে জরুরি সেবা, সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ পাসের মাধ্যমে ছাড় দেওয়া হবে।
মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা আছে যে দূরপাল্লার যাত্রীবাহী বাস এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় যাতায়াতে কোনো বাধা থাকবে না। যাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগেভাগেই টিকিট সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে