তিন ম্যাচ বাকি থাকতেই সিরি আ শিরোপা জয় ইন্টার মিলানের
পার্মাকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই সিরি আ শিরোপা নিজেদের করে নিয়েছে ইন্টার মিলান। রোববার (৩ মে) ঘরের মাঠ সান সিরোতে এই জয়ের মধ্য দিয়ে ক্লাবটি তাদের ২১তম লিগ শিরোপা নিশ্চিত করল।
শিরোপা নিশ্চিত করার জন্য ইন্টারের প্রয়োজন ছিল মাত্র ১ পয়েন্ট। ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে তারা। প্রথমার্ধের ঠিক আগ মুহূর্তে মার্কাস থুরামের কৌণিক শটের নিখুঁত ফিনিশিংয়ে লিড নেয় ইন্টার, যা পরাস্ত করে পার্মা গোলরক্ষক জায়ন সুজুকিকে।
ম্যাচের ৮০তম মিনিটে অভিজ্ঞ মিডফিল্ডার হেনরিক মখিতারিয়ান ব্যবধান দ্বিগুণ করলে ইন্টারের জয় নিশ্চিত হয়ে যায়। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই সান সিরোসহ পুরো মিলান শহরজুড়ে উৎসবের জোয়ার বয়ে যায়।
এই জয়ের ফলে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেল ইন্টার মিলান। লিগের বাকি তিনটি ম্যাচে ইন্টার মিলান যদি সবগুলোতে হেরেও যায় এবং নাপোলি সবগুলোতে জয় পায়, তবুও ইন্টারকে ছোঁয়া নাপোলির পক্ষে আর সম্ভব নয়।
ইন্টার মিলানের এটি ২১তম সিরি আ জয়। ইতালিয়ান লিগের ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী ক্লাবের তালিকায় তারা এখন দ্বিতীয় স্থানে। ৩৬টি শিরোপা নিয়ে সবার উপরে রয়েছে জুভেন্টাস। অন্যদিকে ১৯টি শিরোপা নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এসি মিলান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে