পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা মোড় অবরোধ, ঢাকায় তীব্র যানজট
তিন দফা দাবি আদায়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছে। এতে রাজধানীর মহাখালী, ফার্মগেট, মগবাজার এলাকা জুড়ে তীব্র যানজট শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টা ৪৬ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়।
এতে বলা হয়, এই মুহূর্তে প্রায় ৩০০ থেকে ৪০০ জন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বিভিন্ন দাবিতে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
ফলে মহাখালী থেকে সাতরাস্তা অভিমুখী যান চলাচলে বিঘ্ন ঘটছে।
বুধবার (১৯ মার্চ) থেকে পলিটেকনিক শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবিতে দেশব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি শুরু করেছে। এর মধ্যে অন্যতম দাবি হলো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করা।
গতকাল দুপুরে শিক্ষার্থীরা তাদের মধ্যবর্তী পরীক্ষা বর্জন করে দেশজুড়ে প্রতিষ্ঠানের সামনে জড়ো হয়। তারা ঘোষণা দেয়, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের বাকি দুইটি দাবি হলো, ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং’ ডিগ্রিকে জুনিয়র ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল-গ্রেড ১০) পদের জন্য বাধ্যতামূলক করা এবং দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সব পদে, বিশেষ করে ক্রাফট ইনস্ট্রাক্টর পদে, শুধুমাত্র প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ দেয়া।’
বিক্ষোভরত শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, ক্রাফট ইনস্ট্রাক্টরদের কোনো কারিগরি শিক্ষা নেই, তারা মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ল্যাব সহকারী হিসেবে কাজ করেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতা সাধারণত অষ্টম শ্রেণি বা এসএসসি পাস। তারা ডিপ্লোমা শিক্ষার্থীদের শিক্ষক হওয়ার যোগ্য নন।
শিক্ষার্থীদের দাবি, ক্রাফট ইনস্ট্রাক্টররা যদি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক হন, তাহলে কারিগরি শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং পুরো কারিগরি শিক্ষা খাত ধ্বংস হয়ে যাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে