ইলন মাস্কের ‘টেরাফ্যাব’ চিপ প্রকল্পে ইন্টেলের যোগ দেওয়ার ঘোষণা
মার্কিন প্রযুক্তি জায়ান্ট ইন্টেল ইলন মাস্কের উচ্চাভিলাষী ‘টেরাফ্যাব’ চিপ প্রকল্পে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। স্পেসএক্স ও টেসলার সঙ্গে যৌথভাবে পরিচালিত এই উদ্যোগের লক্ষ্য হলো রোবোটিকস ও ডেটা সেন্টার খাতের জন্য অত্যাধুনিক ও শক্তিশালী প্রসেসর তৈরি করা। এই খবর প্রকাশের পর ইন্টেলের শেয়ারের দাম ২ শতাংশেরও বেশি বেড়েছে।
ইন্টেল জানিয়েছে, তাদের প্রধান নির্বাহী লিপ বু তান ও ইলন মাস্কের একটি করমর্দনের ছবি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। কোম্পানির দাবি, গত সপ্তাহে মাস্ক তাদের ক্যাম্পাস পরিদর্শন করেছেন। কয়েক মাস আগে মাস্ক ইঙ্গিত দিয়েছিলেন যে টেসলার স্বয়ংক্রিয় প্রযুক্তির জন্য বড় আকারের এআই চিপ কারখানা বা ‘ফ্যাব’ তৈরিতে ইন্টেলের সঙ্গে কাজ করা হতে পারে।
এক্সে দেওয়া এক পোস্টে ইন্টেল জানায়, তাদের উৎপাদন সক্ষমতা ‘টেরাফ্যাব’ প্রকল্পের লক্ষ্য অর্জনে গতি আনবে। এই প্রকল্পের লক্ষ্য হলো এআই ও রোবোটিকসের জন্য প্রতিবছর প্রায় ১ টেরাওয়াট কম্পিউটিং ক্ষমতা উৎপাদন করা।
লিপ বু তান বলেন, ইলন মাস্ক শিল্পখাত পুনর্গঠনে ধারাবাহিকভাবে সফল, আর সেমিকন্ডাক্টর শিল্পেও এখন এমনই পরিবর্তন প্রয়োজন। তার মতে, টেরাফ্যাব সিলিকন লজিক, মেমোরি ও প্যাকেজিং প্রযুক্তির উৎপাদন কাঠামোতে বড় পরিবর্তন আনতে পারে।
এর আগে মাস্ক জানিয়েছিলেন, স্পেসএক্স ও টেসলা মিলিয়ে টেক্সাসের অস্টিনে দুটি উন্নত চিপ কারখানা গড়ে তোলা হবে। একটি কারখানা টেসলার গাড়ি ও হিউম্যানয়েড রোবটের জন্য এবং অন্যটি মহাকাশভিত্তিক এআই ডেটা সেন্টারের জন্য ব্যবহৃত হবে।
এদিকে স্পেসএক্স যুক্তরাষ্ট্রে গোপনে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনের জন্য আবেদন করেছে বলে জানা গেছে। সফল হলে এটি বাজার ইতিহাসে অন্যতম বৃহৎ তালিকাভুক্তি হতে পারে।
বিশ্লেষকদের মতে, এআই প্রতিযোগিতায় পিছিয়ে থাকা ইন্টেলের জন্য এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিশেষ করে কোম্পানিটির ‘ইন্টেল ফাউন্ড্রি’ ব্যবসায় দীর্ঘদিনের লোকসান কাটিয়ে ওঠার প্রচেষ্টার মধ্যেই এই ঘোষণা এসেছে।
বর্তমানে ইন্টেল তাদের ১৮এ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তিকে কেন্দ্র করে পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে এনভিডিয়া, যুক্তরাষ্ট্র সরকারসহ বিভিন্ন পক্ষের বড় বিনিয়োগও কোম্পানিটির পুনরুদ্ধার কৌশলকে সমর্থন দিচ্ছে।
মতামত দিন