ইনস্টাগ্রামে নতুন ফিচার ‘ইনস্ট্যান্টস’, একবার দেখলেই ছবি অদৃশ্য
ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও দ্রুত ও ব্যক্তিগত করার লক্ষ্যে নতুন ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। নতুন এই ফিচারের নাম দেওয়া হয়েছে ‘ইনস্ট্যান্টস’।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ইনবক্সে দ্রুত ছবি পাঠাতে পারবেন, যা একবার দেখা হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
নতুন ফিচারে পাঠানো ছবিগুলো সাধারণ পোস্ট বা স্টোরির মতো স্থায়ী থাকবে না। প্রাপক একবার দেখলেই ছবি অদৃশ্য হয়ে যাবে। যদি দেখা না হয়, তাহলে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে তা নিজে থেকেই মুছে যাবে।
ছবিগুলো পাঠানো যাবে শুধুমাত্র যাদেরকে ব্যবহারকারী ফলো করেন এবং যারা তাকে ফলোব্যাক করেন—এমন নির্দিষ্ট ব্যক্তিদের কাছে।
ছবির কোনো ফিল্টার বা এডিটিং অপশন থাকবে না, যাতে বাস্তব মুহূর্ত শেয়ার করা যায়। প্রাপক চাইলে ছবিতে সরাসরি রিঅ্যাকশন বা রিপ্লাই দিতে পারবেন। ভুল করে পাঠালে ‘আনডু’ করার সুযোগ থাকবে। প্রেরকের আর্কাইভে ছবিগুলো সর্বোচ্চ ১ বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে।
বিশ্লেষকদের মতে, এই ফিচারের মাধ্যমে ইনস্টাগ্রাম আরও বেশি ব্যক্তিগত যোগাযোগভিত্তিক প্ল্যাটফর্মে পরিণত হতে চাইছে। পাশাপাশি এটি স্ন্যাপচ্যাটের মতো অস্থায়ী ছবি শেয়ারিং অ্যাপগুলোর সঙ্গে প্রতিযোগিতাও বাড়াবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে