Views Bangladesh Logo

জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা এক প্রসিকিউটরের বিরুদ্ধে জামিন পাইয়ে দেওয়ার নামে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা দিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযোগটি সামনে আসার পরপরই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে এবং অভ্যন্তরীণভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলে জানা যায়। একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি প্রকাশের পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

চিফ প্রসিকিউটর জানান, সংবাদটি দেখার পর তিনি জরুরি ভিত্তিতে সব প্রসিকিউটরকে সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকতে নির্দেশ দেন এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন।

তিনি বলেন, অভিযুক্ত প্রসিকিউটর দুই-তিন দিন আগেই তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

এর আগে অভিযোগ ওঠার পর ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সংশ্লিষ্ট মামলার দায়িত্ব থেকে সাইমুম রেজা তালুকদারকে সরিয়ে দেন। তবে তার বিরুদ্ধে অন্য কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।

সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাইমুমের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রসিকিউটরের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। ২০২৪ সালের ৭ অক্টোবর তিনি ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ