মন্ত্রণালয়ের কাজে নতুনত্ব আনতে উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে: বিমানমন্ত্রী
প্রচলিত আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, মন্ত্রণালয়ের কাজে নতুনত্ব আনতে উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। ভালো কাজের স্বীকৃতি যেমন দেওয়া হবে, তেমনি দায়িত্বে অবহেলা বা খারাপ কাজের জন্য জবাবদিহিও নিশ্চিত করা হবে।
রোববার (২৩ আগস্ট) সকালে মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নতুন নেতৃত্বে সবাইকে নিয়ে একটি কার্যকর দল গঠন করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি দূর করাই হবে তার অগ্রাধিকার। কাজের গতি বাড়াতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। এ জন্য প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে নতুন চিন্তা ও পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।
মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে অধীন সংস্থাগুলোর সমন্বয় আরও কার্যকর করতে সপ্তাহে এক দিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে অফিস করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে মনে করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। আগামী অক্টোবরে বিমানবন্দরটি আন্তর্জাতিকভাবে চালুর বিষয়ে তারা আশাবাদী। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কক্সবাজারের সঙ্গে দেশি-বিদেশি পর্যটন যোগাযোগ আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং আগামী ১৬ ডিসেম্বর করার পরিকল্পনা রয়েছে বলে জানান এম রশিদুজ্জামান মিল্লাত। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বরে একটি জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী বছর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যেও কাজ চলছে বলে জানান তিনি। বিমানের বহরে লিজ নেওয়া ১০টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী।
এর আগে সকাল ৯টার দিকে মন্ত্রণালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, নেতৃত্বে পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে কার্যকরভাবে কাজ করাই এখন মূল লক্ষ্য।
মতামত দিন